মাত্র ২ মাসেই তৃণমূল সরকারের আমলে চালু হওয়া একাধিক প্রকল্পের নাম বদল করেছে রাজ্যের বিজেপি সরকার (BJP Government)। বাংলায় নতুন সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডারের বদলে এসেছে অন্নপূর্ণা যোজনা, যুবসাথী হয়েছে যুবশক্তি। এবার সেই তালিকায় জুড়ল কন্যাশ্রী (Kanyashree)। তৃণমূল সরকারের আমলের এই প্রকল্পের নাম পরিবর্তন করা হল। নবান্নে সাংবাদিক বৈঠকে (Press conference at Nabanna) প্রকল্পের নতুন নাম কন্যারত্ন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। এমনকি সবুজ সাথীর নাম বদলে সারথি করে দেওয়া হয়েছে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্পের নাম বদল নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেছে তৃণমূল শিবির। সেই সঙ্গে তাঁরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
বৃহস্পতিবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh, Trinamool MLA from Beleghata and party spokesperson) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাবনা থেকে উঠে আসা আমাদের ছাত্রীদের জন্য একটি ইউনিক প্রকল্প হল কন্যাশ্রী। সেটাকে বিভিন্ন স্ল্যাবে এমন ভাবে ভাগ করা হয়েছিল যাতে ছাত্রীরা প্রয়োজনের সময় টাকাটা হাতে পান। এটা এমনই একটা প্রকল্প, যা শুধু এই দেশে নয়, বিশ্বের দরবারেও স্বীকৃতি পেয়েছে। একটি সামাজিক সুরক্ষা বা সামাজিক সহযোগিতা প্রকল্পের মডেল হিসেবে কন্যাশ্রী আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সেই প্রকল্পেরই এখন নাম বদলে দেওয়া হচ্ছে।
কুণাল ঘোষের দাবি, এই সরকার নতুন কিছু করছে না, বরং আগের সরকারের কাজের নাম পরিবর্তন করেই নিজেদের কৃতিত্ব হিসেবে তুলে ধরতে চাইছে। তাঁর কথায়, দিল্লিতে ইউপিএ বা অন্য সরকার কাজ করে গিয়েছে, এখন তাদের নাম বদলে নিজেদের কাজ বলে চালানো হচ্ছে। একইভাবে রেলের একাধিক প্রকল্পও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুরু হলেও এখন সেগুলির নাম পরিবর্তন করা হচ্ছে। তাঁর অভিযোগ, মাত্র দু'মাসের মধ্যে রাজ্যের একাধিক প্রকল্পের নাম বদল করা হলেও মানুষের জন্য নতুন কোনও কাজ সরকার দেখাতে পারেনি।
তৃণমূল মুখপাত্রের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিকাঠামো থেকে সামাজিক সুরক্ষা একাধিক ক্ষেত্রে প্রকল্প চালু করেছে, যার সুবিধা পেয়েছেন কোটি কোটি মানুষ। তাই নতুন সরকারের হাতে নতুন কিছু করার সুযোগ কম থাকায় তারা এখন নাম বদলের রাজনীতিতে নেমেছে। কন্যাশ্রী এমন একটি প্রকল্প, যার পরিচিতি শুধু বাংলায় নয়, গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে। সেই নাম বদলে দিলেও মানুষের মন থেকে কন্যাশ্রী এবং তার স্রষ্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় মুছে ফেলা যাবে না বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তনের তীব্র বিরোধিতার কথাও জানান কুণাল ঘোষ।
















