জন্ম ও মৃত্যু শংসাপত্রে (Birth and Death Certificates) অনিয়মের অভিযোগের তদন্তে এবার আরও কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন (State Administration)। মুখ্যসচিব মনোজ আগারওয়ালের (Chief Secretary Manoj Agarwal) নির্দেশে রাজ্যজুড়ে গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় সংরক্ষিত জন্ম ও মৃত্যু শংসাপত্রের রেজিস্টার যাচাইয়ের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালাবে। প্রশাসনের লক্ষ্য, অতীতে শংসাপত্র ইস্যুতে কোনও বেআইনি কাজ বা জালিয়াতি হয়ে থাকলে তা চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। পাশাপাশি ভবিষ্যতের তদন্তের সুবিধার্থে সংশ্লিষ্ট নথি সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে জেলার পুলিশ সুপার (Superintendent of Police) ও পুলিশ কমিশনারদের (Police Commissioner)।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ আগারওয়াল জানান, সাম্প্রতিক সময়ে জন্ম শংসাপত্র সংক্রান্ত একাধিক অভিযোগ প্রশাসনের নজরে এসেছে। তাঁর দাবি, ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR) চলাকালীন বহু অসঙ্গতি ধরা পড়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ভুয়ো জন্ম শংসাপত্র ব্যবহারের অভিযোগও এসেছে। তিনি বলেন, "বার্থ সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের পরে অনেক অভিযোগ পেয়েছি। এসআইআর করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি ধরা পড়েছে। পুলিশের কাছেও অনেক অভিযোগ এসেছে। অনেক জায়গায় নকল বার্থ সার্টিফিকেট ধরা পড়েছে। অনেক সুযোগ সুবিধে নিয়েছে অনেকে। নিয়ম থাকলেও বহু অনিয়ম হয়েছে।” তাঁর বক্তব্য, বর্তমানে সমস্ত তথ্য স্ক্যান করে যাচাই করা হচ্ছে শুধুমাত্র নথির সত্যতা নিশ্চিত করার উদ্দেশ্যে।
এই যাচাই প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন মুখ্যসচিব। তিনি বলেন, “কারও ভয় পাওয়ার কিছু নেই। এই বার্থ সার্টিফিকেট যাচাই শুধুমাত্র একটা নিয়ম। দুর্নীতি মুক্ত করতে এই পদক্ষেপ। সরকারি আধিকারিকরাই এটা যাচাই করবেন। কোনও চুক্তিভিত্তিক কর্মী যাচাই করবেন না।” প্রশাসনিক সূত্রের খবর, অতীতে কারা বেআইনিভাবে জন্ম বা মৃত্যু শংসাপত্র ইস্যু করেছে, কারা সেই নথির সুবিধা নিয়েছে এবং অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের পরিবারের নামে কোনও শংসাপত্র জারি হয়েছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে। কোথাও কারচুপির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই নির্দেশ মেনেই ভুয়ো সার্টিফিকেট খুঁজতে কুলটি, কোচবিহার সহ কলকাতা সব জায়গা জুড়ে এই তল্লাশি শুরু করেছে পুলিশ। এমনকি তল্লাশি করতে কেওড়াতলা শ্মশানেও (Keoratala Crematorium) পোঁছে গিয়েছে পুলিশ।
















