নদিয়ার কল্যাণীর JNM হাসপাতালে স্বাস্থ্যপ্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট'। রাতের হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই, হস্টেলে অস্বাস্থ্যকর পরিস্থিতি-নিরাপত্তাহীনতা নিয়ে চরম অসন্তুষ্ট সুমনা সরকার (Sumana Sarkar)। বুধবার রাতে ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে পৌঁছে যান তিনি। ঘুরে দেখেন বিভিন্ন ওয়ার্ড, রোগীদের সঙ্গেও কথা বলেন। হাসপাতালে পরিষেবার অব্যবস্থায় রীতিমতো ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনও রকমের আপোষ করা হবে না। বিভিন্ন জেলায় হাসপাতালের চিকিৎসার মান খতিয়ে দেখতে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও। এবার কল্যাণীর জেএনএম হাসপাতালে (JNM Hospital, Kalyani) হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। রাতের হাসপাতালের পরিবেশ কেমন থাকে তা চাক্ষুষ করতে ছাত্রীর ছদ্মবেশ নেন তিনি। সুমনা জানান, 'অভিযোগ আসছিল রাতে হাসপাতালে সঠিক পরিষেবা মেলে না। এদিন সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি দেখা যায়নি। হস্টেলে পর্যাপ্ত নিরাপত্তা নেই।' হাসপাতাল ও হস্টেল চত্বরের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন তিনি।
















