দুর্নীতিমুক্ত পুলিশ ব্যবস্থা চালু করতে ‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। খোলা হচ্ছে কন্ট্রোলরুম বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেটের জবাবি ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলের পুলিশের পরিবর্তন হয়নি। এই সরকারের আমলে পুলিশের খোলনলচে বদলে আরও ‘স্মার্ট’ করে তোলা হবে। কর্মীর অভাব পূরণে ২০ হাজার কনস্টেবল পুলিশে নিয়োগ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, “তৃণমূল সরকার (TMC Government) মতামত দেওয়ার সুযোগ দেয়নি। ১৩ বছর স্বরাষ্ট্রদপ্তরের বাজেট নিয়ে বঞ্চিত ছিল। আগের সরকার বাজেট গিলোটিনে পাঠাত। ভারতীয় ন্যায় সংহিতা মানেনি আগের সরকার। পুলিশ দফতরকে যতটা সম্ভব নিচে নামানো হয়েছে। বছরের পর বছর পুলিশে কোনও নিয়োগ হয়নি।”
সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) নিয়োগ নিয়েও পূর্বতন সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দিঘা থানায় গিয়ে দেখলাম ৪০০ সিভিক ভলান্টিয়ার। এসআই ২, এএসআই ৩, ১৫ কনস্টেবল। জিজ্ঞাসা করলাম চালান কি করে? শুধু সিভিক নিয়োগ করা হয়েছে। স্থায়ীভাবে নিযুক্তরা সব কথা শুনে চলবেন না। তাই সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। কোনও যোগ্যতা, প্রশিক্ষণ ছাড়াই সিভিক ভলান্টিয়ার নিয়োগ করেছে। শুধুমাত্র ওরা রাজনৈতিক আনুগত্য দেখাবে বা টাকার বিনিময়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক এবং তোলা তোলার কাজে লাগানো হয়েছে তাদের।”
মুখ্যমন্ত্রীই রাজ্যের পুলিশমন্ত্রী। শুভেন্দু জানান, “কলকাতা পুলিশে সিস্টেম কিছুটা আছে। আর বাকি সব জিরো। পুলিশ বারাক, রান্নাঘর, ডিএ, পে কমিশন, বদলি নীতি নেই। আপনি যেদিকে তাকাবেন সেদিকে অন্ধকার।”
একই সঙ্গে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলে কোনও পুলিশকে রেয়াত করা হবে না বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। জানান, ঘুষ নেওয়ার অভিযোগ জানানোর জন্য কন্ট্রোলরুম (Control Room) খোলা হচ্ছে। সেই হেল্পলাইনে (Help Line) অভিযোগ জানানো যাবে। তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে সরকার।
















