অবশেষে ঘোষিত হল বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটি (State Executive Committee)। বুধবার বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি (BJP)। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) নেতৃত্বে গঠিত এই কমিটিতে জায়গা পেয়েছেন মোট ২৬৩ জন। তালিকায় রাজ্যের শীর্ষ নেতাদের পাশাপাশি জায়গা দেওয়া হয়েছে একাধিক মন্ত্রী, বিধায়ক এবং দলের পুরনো দিনের নেতাদেরও। নতুন রাজ্য কার্যনির্বাহী কমিটিতে তমলুক থেকে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। তাৎপর্যপূর্ণভাবে কাঁথি থেকে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারীকে (Sisir Adhikari)। কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বনগাঁর থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। উত্তর কলকাতা থেকে রয়েছেন মন্ত্রী তাপস রায় (Tapas Roy)। আসানসোল থেকে রয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তবে, তালিকাতে নেই দিলীপ ঘোষের নাম। নেই সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়দেরও। রাজনৈতিক মহলের মতে, কার্যনির্বাহী কমিটিতে ঠাঁই হয়নি দিলীপ-লবির লোকেদের।

শুধু এই কয়েকজনই নন, নতুন কমিটিতে জায়গা হয়েছে রাজ্য বিজেপির অধিকাংশ মন্ত্রী ও বিধায়কের। একই সঙ্গে সংগঠনে দলের কয়েকটি পুরনো মুখকে মাত্র গুরুত্ব দেওয়া হয়েছে। মীনা দেবী পুরোহিত (Meena Devi Purohit), শ্যামচাঁদ ঘোষ (Shyamchand Ghosh) এবং রাজকমল পাঠকের (Rajkamal Pathak) মতো আদি বিজেপি নেতার নাম রয়েছে তালিকায়। নতুন এই কমিটিতে দলের বর্তমান নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের পাশাপাশি পুরনো দিনের সংগঠকদেরও জায়গা করে ব্যালেন্স করার চেষ্টা করেছেন শমীক। 

তবে কমিটিতে দিলীপ ঘোষের (Dilip Ghosh) নাম না থাকায় অবাক হয়েছেন অনেকেই। নাম নেই সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়দেরও। ২৬৩ জনের এই বিশাল কমিটিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের নেতাদের দায়িত্ব বণ্টনের মাধ্যমে বিজেপির আগামী দিনের সাংগঠনিক লড়াইয়ের প্রস্তুতিই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।