২২ জুলাই, নিউটাউনের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ‘সাপ্তাহিক বর্তমান’ পত্রিকার উদ্যোগে আয়োজিত হয় ‘গল্পের খোঁজে জেলায় জেলায় ২০২৬’-শীর্ষক প্রতিযোগিতার ‘মৌ রায়চৌধুরী স্মৃতি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠান। দফতরে জমা পড়া ১৫ হাজার গল্পের মধ্যে ঝাড়াই-বাছাই করে ৪৩টি গল্প চূড়ান্ত হয়েছিল। সেগুলি পরপর প্রকাশিত হয়েছে। এরপর তিন বিচারক সাহিত্যিক অমর মিত্র, রবীন্দ্র গবেষক মীনাক্ষী সিংহ, কবি শুভাশিস ভাদুড়ীর উপর দায়িত্ব পড়ে প্রথম তিনটি গল্প বেছে নেওয়ার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী, পত্রিকার প্রধান সম্পাদক হিমাংশু সিংহ, সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, প্রকাশক দীপ্তাংশু মণ্ডল, সম্পাদক তাপসী দাস প্রমুখ। ছিলেন তিন বিচারকও। প্রথম স্থান অধিকার করেন দক্ষিণ দিনাজপুরের শুভ্রদীপ চৌধুরী। তাঁর গল্প, ‘পরবাসু এবং মাগুরশোল’। দ্বিতীয় বাঁকুড়ার রাজীব তন্তুবায়। তাঁর গল্প, ‘পাত কাওয়া’। তৃতীয় জলপাইগুড়ির রঙ্গন রায়। তিনি লিখেছেন, ‘প্রলয়’। প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার। তৃতীয় ৩০ হাজার। তাঁদের পুরস্কৃত করেন অতিথি ও বিচারকরা। 

অনুষ্ঠান শুরু হয়েছিল অনুভা সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত দিয়ে। শেষ হয় শান্তনু রায়চৌধুরীর ‘জুড়াইতে চাই কোথায় জুড়াই’ গানটি দিয়ে। কর্তৃপক্ষের আশ্বাস, ‘আসছে বছর আবার হবে’। সত্যম রায়চৌধুরীর প্রস্তাব, এই ৪৩টি গল্প নিয়ে সংকলন প্রকাশ করার।