টিউশনি পড়ানোর নাম করে ১১ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম শিবপদ মৃধা। তিনি শিতুলিয়া হাই স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সন্দেশখালি এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাবালিকার পরিবারের তরফে সন্দেশখালি থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানানো হয়েছে, গৃহশিক্ষকতার সূত্রেই নাবালিকার সঙ্গে অভিযুক্তের পরিচয় ছিল। সম্প্রতি ওই ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরিবারের আরও দাবি, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও টিউশনি পড়ানোকে কেন্দ্র করে একাধিক অপ্রীতিকর অভিযোগ উঠেছিল।

অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের প্রশ্ন, এমন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তকে কেন গ্রেফতার করা হল না? অভিযুক্ত শিক্ষক যাতে স্কুলে শিক্ষকতা চালিয়ে যেতে না পারেন এবং অবিলম্বে তাঁকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি তুলেছেন এলাকাবাসী।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিবপদ মৃধার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর বাড়িতে গিয়ে দেখা যায় গেটে তালা ঝুলছে। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন সুইচড অফ পাওয়া যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।