দিনের আলোয় ব্ল্যাকবোর্ডে ভূগোলের পাঠ, আর রাত নামলেই ভাড়াবাড়ির চার দেওয়ালের মধ্যে রাসায়নিক মিশিয়ে চলত মারণ নেশার দ্রব্য তৈরির কারবার। শিক্ষকতার পেশাকে আড়াল করে রমরমিয়ে মাদক চক্র চালানোর অভিযোগে এক স্কুলশিক্ষক এবং তাঁর সহযোগীকে গ্রেফতার করল পুলিশ ও এসএসবি-র যৌথ দল। জলপাইগুড়ির নাগরাকাটায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৬৮ গ্রাম ব্রাউন সুগার, নগদ সাড়ে ৮ লক্ষাধিক টাকা এবং জাল নোট।

পুলিশ ও যৌথ বাহিনী সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে নাগরাকাটা এলাকার নন্দু মোড় সংলগ্ন একটি ভাড়াবাড়িতে গোপন সূত্রে অভিযান চালানো হয়। সেখান থেকেই হাতেনাতে ধরা পড়ে দুই অভিযুক্ত। ধৃত প্রধান অভিযুক্ত রঞ্জিতকুমার সিকদার (যিনি রঞ্জিত সিকদার নামেও পরিচিত) পেশায় লালবাহাদুর শাস্ত্রী স্কুলের ভূগোলের শিক্ষক। তাঁর আদি বাড়ি মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় হলেও তিনি নাগরাকাটার একটি জুনিয়র হাইস্কুলে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই ভাড়াবাড়িতেই ডেরা বেঁধেছিলেন। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে কোচবিহার জেলার পুণ্ডিবাড়ি এলাকার বাসিন্দা বিরাজ (ধীরাজ) মাহাতোকে। ধৃত দু’জনকে আদালতে হাজির করে হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এই মাদক কারবারের শিকড় কত দূর বিস্তৃত এবং এর নেপথ্যে কোনও আন্তর্জাতিক পাচার চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। শিক্ষকতার মতো মহান পেশার সঙ্গে যুক্ত এক ব্যক্তির এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় গোটা নাগরাকাটা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ তৈরি হয়েছে।