কো-অপারেটিভ সোসাইটির (Co-operative Society) জমি বিক্রি নিয়ে অভিযোগের জেরে বুধবার চাঁচল থানায় হাজির হন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় (Samar Mukherjee, Trinamool MLA from Ratua)। তাঁকে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। বিধায়ক থানায় পৌঁছতেই বাইরে জড়ো হওয়া বিজেপি কর্মীরা তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় থানা চত্বরে।
অভিযোগ, কো-অপারেটিভ সোসাইটির জমি বিক্রির ক্ষেত্রে বিধায়ক ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সংশ্লিষ্টদের না জানিয়েই জমি বিক্রি করা হয়েছে। এই অভিযোগে চাঁচল থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতেই এদিন সমর মুখোপাধ্যায়কে থানায় ডেকে পাঠানো হয়। সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে তাঁর বচসাও বাধে।
চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিজেপি জনপ্রতিনিধি প্রসেনজিৎ শর্মার (BJP elected representative Prasenjit Sharma) সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিধায়ক। উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে সমর মুখোপাধ্যায় বলেন, “তুমি জানো আমি সমর মুখোপাধ্যায়।” তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য সরাসরি খারিজ করে বিধায়কের দাবি, তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। তিনি বলেন, “আমাকে কালিমালিপ্ত করার জন্য এটা করা হচ্ছে। আমাকে যাতে টিকিট না দেওয়া হয়, সেই চেষ্টা যাঁরা করেছিলেন, তাঁরাই এটা করছেন।” এই ষড়যন্ত্রের পিছনে তৃণমূলেরই কিছু লোক রয়েছেন বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মার অভিযোগ, কো-অপারেটিভের জমি বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। তাঁর বক্তব্য, “কো অপারেটিভের জমি উনি অবৈধভাবে বিক্রি করেছেন। উনি মালদহ জেলার রতুয়ার দীর্ঘদিনের বিধায়ক। কিন্তু, উনি যেভাবে সরকারি সম্পত্তি বিক্রি করেছেন, তার প্রতিবাদ জানিয়েছি।”
সমর মুখোপাধ্যায়কে ঘিরে বুধবারের ঘটনা নতুন করে রাজনৈতিক চর্চা তৈরি করেছে। কারণ, গত ২৩ জুন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর রাজনৈতিক ভাবমূর্তির প্রশংসা করেছিলেন। সেদিন তিনি বলেছিলেন, “কোনও ভদ্রলোকের গায়ে কেউ হাত দেবে না। আমরা মনে করি যে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো বেশ কয়েকজন ভদ্র রাজনীতিবিদ রয়েছেন। সবাইকে মিলিয়ে ফেলবেন না। সমর মুখোপাধ্যায়কে দেখলে এখনও উঠে শ্রদ্ধা জানাই। রতুয়ায় বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হতে পারেন। কিন্তু, যা সত্যি তাই বললাম।” সেই মন্তব্যের কয়েক সপ্তাহের মধ্যেই জমি-বিতর্কে থানার সামনে বিজেপির ‘চোর চোর’ স্লোগান শুনতে হল রতুয়ার বর্ষীয়ান বিধায়ককে।
















