শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকারের প্রশংসায় রাজনাথ সিং (Rajnath Singh)। কলকাতায় ‘সেবা সংকল্প অভিযান’ নিয়ে সাংবাদিক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) দাবি করলেন, পশ্চিমবঙ্গের নতুন সরকারের কাজ নিয়ে দেশের অন্যান্য রাজ্যেও আলোচনা হচ্ছে। তাঁর কথায়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ‘বিকশিত ভারত’-এর অংশীদার হবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ২৫ বছরের প্রশাসনিক জীবনেরও প্রশংসা করেন রাজনাথ।

আরও পড়ুন: নেপালের বিপর্যয়ে বাংলার নিখোঁজদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী! দিলেন নিজের একমাসের বেতন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ‘সেবা সংকল্প অভিযান’ শুরু হওয়ার কথা। সেই কর্মসূচি নিয়েই বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন রাজনাথ সিং। সেখানেই তিনি বলেন, পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপির সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার কাজ করছে। মাত্র কয়েক মাসে রাজ্য সরকারের কাজ নিয়ে অন্য রাজ্যেও আলোচনা হচ্ছে। শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গ দেশের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মন্তব্য করেন রাজনাথ সিং।

 পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে পশ্চিমবঙ্গকে জাহাজ নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। তাঁর বক্তব্য, দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বাংলারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এদিনে রাজনাথের বক্তব্যে উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের প্রসঙ্গও। তিনি বলেন, মোদির ২৫ বছরের প্রশাসনিক যাত্রাকে একটি শব্দে ব্যাখ্যা করতে হলে সেটি হবে ‘সেবা’। বিরোধিতার মুখেও প্রধানমন্ত্রী উন্নয়নের পথে এগিয়ে গিয়েছেন বলে দাবি করেন তিনি।


প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের উদাহরণ দিতে গিয়ে জনধন যোজনার কথাও উল্লেখ করেন রাজনাথ। তাঁর দাবি, দেশে ৫৯ কোটির বেশি জনধন হিসাব খোলা হয়েছে এবং এর মধ্যে মহিলাদের হিসাবের সংখ্যাও উল্লেখযোগ্য। গরীবদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ কোটি টাকা । সরকারি প্রকল্পের টাকা সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকছে।  ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, শুরুতে অনেকেই ভারতে এই ব্যবস্থা সফল হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু বর্তমানে এককেন্দ্রিক অর্থপ্রদানের পরিকাঠামো বিপুল পরিমাণ লেনদেনের মাধ্যম হয়ে উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর আগস্ট মাসে এককেন্দ্রিক অর্থপ্রদান ব্যবস্থায় ২.৬১ বিলিয়ান টাকা লেনদেন হয়েছে।

এদিন স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ গান পরিবেশনের প্রসঙ্গও তোলেন রাজনাথ। তাঁর মতে, এর সঙ্গে বাংলার সাংস্কৃতিক পরিচয়ের যোগ রয়েছে এবং বিষয়টি বাংলার জন্য সম্মানের। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচির পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে জাতীয় উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং ডিজিটাল ব্যবস্থার প্রসঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কাজ নিয়েও বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী।