বিতর্ক পিছু ছাড়ছে না মন্ত্রী অগ্নিমিত্রা পালের। পার্ক স্ট্রিটে শিশুর দুধ গরম করা নিয়ে ফুটপাতবাসী মহিলার উপর হম্বিতম্বি করার পরে এবার সরকারি আধিকারিককে বদলির হুমকি দিয়েছেন অগ্নিমিত্রা। সেই ভিডিও পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC) স্যোশাল মিডিয়ায়। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। রবিবার, ল্যান্সডাউন মার্কেট (Lance Down Market) পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। আর সেখানে গিয়ে বাজারের হাল দেখে কলকাতা পুরসভায় মার্কেট সুপার ভাইজারকে বদলির হুমকি দেন অগ্নিমিত্রা।
শনিবার ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করতে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) কাছে ধমক খেয়েছিলেন ফুটবাসী সীতাদেবী। এরপরই বিজেপি (BJP) সরকারের মন্ত্রীর আচরণের নিন্দার ঝড় ওঠে। রবিবার ফুটবাসী সীতাদেবীর কাছে পৌঁছে যান তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরে স্যোশাল মিডিয়া লাইভে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, প্রয়োজন তাঁরা ওই পরিবারের দায়িত্ব নিতে প্রস্তুত। এর পরেই নিজের হাতে ব্যাটন তুলে নেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরিণত পদক্ষেপ করেন শুভেন্দু। পরোক্ষে বার্তা দেন নিজের মন্ত্রিসভার সদস্যকে।
কিন্তু তাতেও অগ্নিমিত্রা আছেন অগ্নিমিত্রাতেই। বাজারের সমস্যায় আধিকারিককে সুন্দরবনে বদলির হুমকি দেন তিনি। ফুটপাত দখল মুক্ত করা সমর্থন করেন সবাই। কিন্তু তার জন্য মন্ত্রী যেমন ধমক-চমক দিচ্ছেন, বদলির হুমকি দিচ্ছেন তাতে সমালোচনার ঝড়ে উঠেছে।
অগ্নিমিত্রার ভিডিও পোস্ট করে বিরোধী তৃণমূলের তরফ থেকে স্যোশাল মিডিয়ায় লেখা হয়েছে,
“মাননীয়া অগ্নিমিত্রা পালের ভাষা, অহংকার এবং চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় আবারও পাওয়া গেল। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি আধিকারিকদের হুমকি দেওয়া যেন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।
কোনো অফিসারকে "অযোগ্য" বলার পরেই তাঁকে সঙ্গে সঙ্গে সুন্দরবনে বদলি করে দেওয়ার হুমকি দেওয়ার অর্থ কী? সুন্দরবনের মানুষ কি এমন অফিসার পাওয়ার যোগ্য, যাঁদের অযোগ্য বলে মনে করা হয়? আর শুরুতেই বদলিকে এভাবে হুমকির অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কেন? একজন মন্ত্রীর কি এভাবেই আচরণ করা উচিত?
এই চিৎকার-চেঁচামেচি, হেনস্থা এবং নতুন পাওয়া ক্ষমতার অপব্যবহার অত্যন্ত উদ্বেগের বিষয়। জনসেবা মানে দায়িত্ব ও জবাবদিহিতা, কাউকে ভয় দেখানোর লাইসেন্স নয়। কোনও ধরনের সমস্যার সমাধানের উপায় হেনস্থা, অপমান আর হুমকি হতে পারে না! আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই“
রবিবার কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডেকে নিয়ে ল্যান্সডাউনে বাজার পরিদর্শনে যান অগ্নিমিত্রা। যে সব দোকানিরা ফুটপাত দখল করে পসরা সাজিয়ে ব্যবসা করছিলেন, তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাত থেকে সরার নির্দেশ দেন। মন্ত্রীর কথা চলাচলের জন্যে ফুটপাতের দুই তৃতীয়াংশ খালি রাখতে হবে। বাজারকে নতুনভাবে সাজিয়ে তুলতে চান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তবে, সেটা করতে গিয়ে ভরা বাজারে একজন আধিকারিককে যেভাবে বদলির হুমকি মন্ত্রী দিচ্ছেন- তা নিয়ে ফের বিতর্ক দেখা দিয়েছে।
















