রাজ্যে হকার উচ্ছেদের নামে গরিব মানুষের রুটি-রুজি কেড়ে নেওয়ার অভিযোগে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে এসে পদ্ম-শিবিরের ‘বুলডোজার রাজনীতি’র বিরুদ্ধে একেবারে রণংদেহি মেজাজে ধরা দিলেন তিনি। পুনর্বাসন ছাড়া যেভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, তাকে ‘বর্বর ও অমানবিক’ বলে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী। 

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি সরকার শুধু গরিব মানুষের পেটে লাথি মারতে জানে। বছরের পর বছর ধরে খেটে খাওয়া মানুষগুলো যেখানে ব্যবসা করে সংসার চালাচ্ছেন, সেখানে কোনও বিকল্প ব্যবস্থা না করেই দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে! বাংলা কোনওদিন এই বুলডোজার-সংস্কৃতি মেনে নেয়নি, আর নেবেও না। আমরা হকারদের আইডি কার্ড করে দিয়েছিলাম। নেত্রীর কড়া হুঁশিয়ারি, জীবন জীবিকা ফিরিয়ে দিন, নয়তো বিকল্প ব্যবস্থা করে দিন। বুলডোজারের  রাজনীতি শুরু করেছেন। গরিব মানুষের ভাত মারলে মানুষ ক্ষমা করবে না। ওদের পেটে লাথি মারবেন, আর আপনারা একা খাবেন? লক্ষ লক্ষ মানুষকে সবাইকে একতরফা নোটিশ দিয়ে বলছেন, গেট আউট। তারা যখন আপনাদের গেট আউট বলবে তখন উত্তর দিতে পারবেন তো? উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুন। টোটোওয়ালাদেরও আমরা নোটিশ দিয়েছিলাম। সময় বেঁধে দিয়েছিলাম। বলেছিলাম ৫০০ টাকা দিলে রুট পারমিট হবে, পাঁচ বছরের জন্য আর কোনও রকম চিন্তা থাকবে না তাদের। এই টাকার উপর সঞ্চয় করে বৃদ্ধা বাবা-মার চিকিৎসা হয় তারা স্ত্রীর মুখে খাবার তুলে দেয়। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে। ভয় দেখিয়ে, জোর খাটিয়ে বা ঘর-দোকান ভেঙে বাংলা শাসন করা যায় না।