রঘুনাথগঞ্জের তেঘরি পঞ্চায়েত নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস। দলের যুব নেতা আইয়ুব হোসেন টিপুর নেতৃত্বে প্রতিপক্ষ বালিশপন্থী ঋতব্রত শিবিরকে পরাস্ত করে প্রধান পদে নির্বাচিত হয়েছেন নাসিমা বিবি। উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন মুখলেসুর রহমান। জয় উদযাপনের মাঝেই অঞ্চল তথা পুরো রঘুনাথগঞ্জ ব্লকে দলের সংগঠনকে নতুন রূপ দেওয়ার প্রত্যয় প্রকাশ করেছেন স্থানীয় নেতৃত্ব।
তেঘরি পঞ্চায়েতে প্রধান নির্বাচনের পর বিজয়োল্লাসে মাতেন দলীয় কর্মী-সমর্থকেরা। সবুজ আবিরে রাঙিয়ে মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় নবনির্বাচিত প্রধান নাসিমা বিবি ও দলের অঞ্চলনেতা আইয়ুব হোসেন টিপুকে।
পাশাপাশি, রঘুনাথগঞ্জ ব্লকের অন্যান্য যে সমস্ত পঞ্চায়েতে সম্প্রতি অনাস্থা এনে বিরোধীদের অপসারিত করা হয়েছে, সেই বোর্ডগুলিতেও আগামিকাল বা পরবর্তী সময়ে নতুন প্রধান নির্বাচনে টিপু হোসেন মুখ্য ভূমিকা নেবেন বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। দলের তরফে জানানো হয়, তৃণমূল কংগ্রেসের সূচনাপর্ব থেকেই এই পরিবার সর্বদা সংগঠনের সঙ্গে যুক্ত। ব্লকের প্রথম তৃণমূল ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছিলেন টিপুর বাবা। বাবার সেই রাজনৈতিক ঐতিহ্য ও গরিমা বজায় রেখেই আইয়ুব হোসেন টিপু এই অঞ্চলে দলের শক্ত ঘাঁটি তৈরি করেছেন।
নতুন বোর্ড গঠনের পর নবনির্বাচিত প্রধান ও উপপ্রধান জানান, অঞ্চলকে সাজিয়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের পরিষেবা নিশ্চিত করাই তাঁদের প্রধান কাজ হতে চলেছে। এই জয়ে সমগ্র তেঘরি অঞ্চলের তৃণমূল কর্মী ও অধিবাসীদের ধন্যবাদ জানানো হয়েছে।
















