আজ থেকে ঠিক দু'বছর আগে ৯ অগাস্ট সকালের আলো যখন কর্মব্যস্ত দিনের সূচনা করেছিল সকলের জন্য, তখন চিরতরে নিভে গেছিল আরজি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর জীবন প্রদীপ। আজ আরও এক ৯ অগাস্ট। রাজ্যের শাসক বদলেছে, তবে দোষীর ফাঁসির সাজা হয়নি। তাই কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) কাছে আজও জাস্টিস চাইছেন রাত দখলে অংশ নেওয়া প্রত্যেক প্রতিবাদী।এসবের মাঝেই আজ রবিবার নির্যাতিতার স্মরণে সকাল ১১ টা থেকে দু-মিনিটের নীরবতা পালনের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার (Govt of West Bengal)।
শনিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আরজি করের নির্যাতিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার, ০৯-০৮-২০২৬ তারিখে সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত (২ মিনিট) নীরবতা পালন করতে হবে। সূত্রের খবর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের (Sharadwat Mukherjee) সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই প্রথম সরকারি উদ্যোগে অভয়ার স্মরণে এমন কোনও কর্মসূচির আয়োজন করা হচ্ছে। মৃত চিকিৎসক তরুণীর মা রত্না দেবনাথ (Ratna Debnath) এখন পানিহাটির বিজেপি বিধায়িকা। সেই এলাকাতে আজ এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আরজি কর কাণ্ডের ফাইল ফের খুলেছে। ধর্ষণ খুনের ঘটনায় আলাদা করে তদন্ত শুরু করতে চলেছে স্বাস্থ্য দফতর। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার দিন রাতে ও তার পরবর্তী সময়ে ঘটনাস্থলে কার কার উপস্থিতি ছিল, তাঁদের প্রত্যেকে সঙ্গে কথা বলবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। তালিকায় নাম রয়েছে নির্যাতিতার শিক্ষক ও অধ্যাপকদেরও। পরবর্তীতে এই রিপোর্ট পাঠানো হবে সিবিআইকে।
















