রাজ্যে ক্ষমতায় আসার পর সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণা করে বিজেপি সরকার। এই ঘোষণায় মহিলাদের সুবিধার পাশাপাশি মাঝে মধ্যে বিড়াম্বনার মধ্যেও পরতে হচ্ছে। স্টপেজে মহিলা দেখে সরকারি বাস না থামার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি আরও কঠোর ব্যবস্থা নিল রাজ্য সরকার। পরিবহণ দফতরের পক্ষ থেকে টোল ফ্রি নম্বর চালু করা হল।

পরিবহণ  মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, এখন থেকে ডিউটি চলাকালীন সমস্ত সরকারি বাসের কন্ডাকটরদের পোশাকে থাকবে বডি ক্যামেরা। এর ফলে কন্ডাকটর বা চালকদের উপর যেমন নজর রাখা যাবে,  কোথায় অনিয়ম করলে সেটা বোঝা যাবে সহজেই। কীভাবে বা কারা নজরদারি চালাবে সে বিষয়ে  বিস্তারিত ঘোষণা করা হয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণের পরিবহণ সংস্থাগুলির জন্য টোল ফ্রি নম্বর চালু হয়েছে। এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন  নম্বর: ৯০৪৬২২৯০২৫, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এসবিএসটিসি: ৭৬৯৯৯৯৩৯৩০, সিটিসি বা ইবিএসটিসির জন্য ৮৬৯৭৭৩৩৩৯২ / ৮৬৯৭৭৩৩৩৯১ এবং ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের জন্য ৯৪৩২৫৯৭০৯৮।

 

বকেয়া কর আদায়ে বিশেষ অভিযানের সিদ্ধান্ত পরিবহন দফতরের। VAHAN ডেটাবেস পরিবহণ দফতরের কাছে থাকা তথ্য অনুযায়ী ৩,৬২,৬২২টি গাড়ির কর বকেয়া রয়েছে। মোট বকেয়ার পরিমাণ প্রায় ১,৫৮৯ কোটি টাকা। দীর্ঘদিন ধরে কর না দেওয়া এবং বেশি অঙ্কের বকেয়া থাকা গাড়ির মালিকদের বিরুদ্ধে বিশেষ নজরদারি ও অভিযান চালাবে রাজ্য। পাশাপাশি টোটোর দাপট কমাচে ই রিকশাতে জোর দেওয়া হচ্ছে। নতুন নতুন বাস রুট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে চালু থাকা রুটগুলির পরিষেবা আরও শক্তিশালী করার উদ্যোগ।

 

প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কার কাছে রেললাইনে ধস। যার জেরে বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত। শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করেছে পূর্ব রেল। আকস্মিক এই বিপর্যয়ে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। 

উত্তরবঙ্গে যাওয়ার জন্য বাস পরিষেবায় জোর দেওয়ার কথা বলেছেন অর্জুন সিং। তিনি বলেছেন, “ফরাক্কাতে রেললাইনে ধস নেমেছে। সেটা মেরামত করা যায়নি। আরও ২৪ ঘণ্টা লাগবে। তার জন্য সব ট্রেন বাতিল হয়েছে। আমরা অতিরিক্ত বাস দিয়েছি। যাতে যাত্রীদের দুর্ভোগ না হয়, তার জন্য যথাযত পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।