পরিচালন সমিতির নির্বাচনে বিরোধীদের কার্যত ধূলিসাৎ করে সব ক’টি আসনেই জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের কুলদিয়া মোহনপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ছ’টি আসনের প্রতিটিতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

রবিবার সকাল থেকেই ওই নির্বাচনকে কেন্দ্র করে মাদ্রাসা চত্বর ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক দলগুলির মধ্যে চাপা উত্তেজনা ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রাতে ফল প্রকাশ হতেই দেখা যায়, ছ’টি আসনেই বিপুল ভোটে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। জয়ীদের তালিকায় রয়েছেন আলমগির শেখ, আমিন আলি শেখ, বাবলু মল্লিক, হাসমত আলি মল্লিক, তাজিরুল মল্লিক এবং এক মহিলা প্রার্থী। ফল ঘোষণার পরেই এলাকা জুড়ে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। সবুজ আবির মেখে ও মিষ্টিমুখ করিয়ে বিজয় উৎসবে মাতেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।