উত্তর দিনাজপুরের হেমতাবাদ পঞ্চায়েত সমিতিতে (Hemtabad Panchayat Samiti, North Dinajpur) ফের তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠিত হল। শুক্রবার হেমতাবাদ বিডিও অফিসে (Hemtabad BDO Office) নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এ দিন ১৫ জন সদস্যের মধ্যে ১০ জন সভায় উপস্থিত ছিলেন।
বিডিও বিশ্বজিৎ দত্তের (BDO Bishwajit Dutta) উপস্থিতিতে আয়োজিত সভায় সভাপতি হিসেবে প্রদীপ বর্মন এবং সহ-সভাপতি হিসেবে মনসুরা খাতুনের নাম চূড়ান্ত হয়। তাঁদের নেতৃত্বেই এ বার পঞ্চায়েত সমিতির কাজ পরিচালিত হবে।
এর আগে রাজনৈতিক পালাবদলের জেরে সভাপতি শম্ভু রায় এবং সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ফলে বোর্ড পরিচালনার দায়িত্ব চলে যায় প্রশাসনের হাতে। নতুন বোর্ড গঠনের মধ্য দিয়ে ফের নির্বাচিত প্রতিনিধিদের হাতেই পঞ্চায়েত সমিতির দায়িত্ব ফিরল।
সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রদীপ বর্মন জানান, হেমতাবাদ এলাকায় ফের উন্নয়নের কাজ গতি পাবে। সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পঞ্চায়েত সমিতির বিভিন্ন কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
















