কয়েক দিন আগেই বাগদার মেয়ে পায়েল জায়গা করে নিয়েছিলেন ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলে। সেই রেশ কাটতে না কাটতেই আবার আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছে উত্তর ২৪ পরগনার এই সীমান্ত মহকুমার আরও দুই খুদে প্রতিভা। থাইল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় ভারতের জার্সি গায়ে মাঠে নামছে বাগদার ৭ বছরের পীযূষ মণ্ডল এবং ১২ বছরের দেবা বিশ্বাস। আগামী ৪ সেপ্টেম্বর থাইল্যান্ডে বসছে এই প্রতিযোগিতার আসর। দুই খুদের এই সাফল্যে স্বভাবতই খুশির হাওয়া সীমান্ত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পীযূষ প্রথম শ্রেণি ও দেবা ষষ্ঠ শ্রেণির ছাত্র। থাইল্যান্ডের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাব-জুনিয়র গ্রুপ ‘এ’ বিভাগে অংশ নেবে পীযূষ। অন্যদিকে, দেবা লড়াই করবে সাব-জুনিয়র গ্রুপ ‘বি’ বিভাগে। তবে আন্তর্জাতিক স্তরের এই মঞ্চে পৌঁছানোর রাস্তাটা মোটেও সহজ ছিল না তাদের জন্য। আর্থিক প্রতিকূলতা বরাবরই বাধা হয়ে দাঁড়িয়েছে এই দুই পরিবারের সামনে। বিদেশে যাওয়ার বিপুল খরচ কীভাবে জোগাড় হবে, তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছিল পরিবার দুটির।
খুদে প্রতিভাদের এই লড়াইয়ের কথা জানতে পেরে শেষ পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দেন বাগদার বিধায়ক সোমা ঠাকির ও স্থানীয় সাধারণ মানুষ। দুই প্রতিযোগীর যাতায়াতের খরচ বাবদ বিধায়ক তাঁদের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি এলাকার মানুষও সাধ্যমতো পাশে দাঁড়িয়েছেন। এই কঠিন সময়ে এমন সহযোগিতা পেয়ে আপ্লুত দুই খুদের পরিবার। এখন গোটা বাগদাবাসীর একটাই প্রার্থনা, থাইল্যান্ডের মাটিতে ভারতের তেরঙ্গা উড়িয়ে সাফল্যের নতুন ইতিহাস তৈরি করে ফিরুক এই দুই প্রতিভাবান যোগী।
















