কলকাতার বুকে নিট ইস্যুতে ককরোচ পার্টির সমর্থনে মিছিল থেকে পুলিশ-সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃতদের পুলিশ হেফাজতে পাঠাল আদালত। রবিবার ধৃত ১৪ জনকে দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।
সূত্রের খবর, ধৃত ১৪ জনের মধ্যে অন্তত চারজন 'জাত অপরাধী' বলে আগে থেকেই চিহ্নিত। তাঁদের বিরুদ্ধে ৪ থেকে ৮টি চার্জশিট রয়েছে। তার ভিত্তিতেই সরকারি আইনজীবীর আবেদন, এরা যে কোনও অশান্তিতে মদতদাতা। পুলিশ হেফাজতে রেখে জেরা প্রয়োজন। তাঁর সেই আবেদন মঞ্জুর করে ২ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
নিটের প্রশ্নপত্র ফাঁসের জেরে বিগত কয়েকদিন ধরে উত্তাল দেশ। আর এই প্রেক্ষাপটে প্রথমে অনশনে বসেন বিখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুক। টানা ২৬ দিন অনশনে ছিলেন তিনি। এরপর তাঁর এই অনশন ভাঙলেও সিজেপির কর্মীরা তাদের জায়গায় অনড় ছিল। তাঁদের মূল দাবি ছল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। দিল্লির যন্তর মন্তরের এই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন রাজ্যে। আর সেই আঁচ ছড়িয়ে পড়তেই গত ২৪ জুলাই শহর কলকাতাতেও এক আন্দোলন গড়ে তোলে বাম, ছাত্র যুব এবং সিজেপির দল। কিন্তু আন্দোলন শুরু হওয়ার পর তা এক রণক্ষেত্রর ময়দান হয়ে ওঠে। আহত হন একাধিক পুলিশ কর্মী সহ সাংবাদিক। এই ঘটনায় মোট ৭টি মামলা রুজু হয়। এই মামলাগুলিতে রাজ্যে প্রথমবার পাশ হওয়া গুণ্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
















