২১ জুলাইয়ের পরে ২৮ অগাস্ট- তৃণমূলের শহিদ দিবসের পালনের স্থান নিয়ে টানাপোড়েনের পরে এবার তৃণমূল ছাত্র পরিষদের (TMPC) প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ মমতাপন্থী ও ঋতব্রতপন্থী দুই শিবির। দুই তরফেই মেয়ো রোডে (Mayo Road) গান্ধী মূর্তির সামনে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চায়। সোমবার এ বিষয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মমতাপন্থী তৃণমূলের আইনজীবী। দ্রুত শুনানির আবেদন জানানো হয়। বিচারপতি আবেদন মঞ্জুর করেন। মঙ্গলবার মামলাটি শুনবে আদালত।
প্রতি বছর মেয়ো রোডেই তৃণমূলের (TMC) ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পালাবদলের পরে দুই শিবিরে ভেঙে গিয়েছে তৃণমূল। এর আগে ২১ জুলাই শহিদ দিবস পালন নিয়েও টানাপোড়েন হয়। শেষে আদালতের হস্তক্ষেপে ঋতব্রত শিবির মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ও মমতা শিবির ক্যাথিড্রাল রোডে শর্তসাপেক্ষে অনুমতি পায়। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে সমস্যা। দুই শিবিরই মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবস পালন করতে চায়। ফলে জল গড়িয়েছে আদালতে।
হাই কোর্টে পিটিশন দাখিল করে ঋতব্রত (Ritabrata Banerjee) শিবিরের তরফে সুদীপ রাহার আবেদন, ২৮ অগাস্ট গান্ধী মূর্তির সামনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে দেওয়া হোক। পিটিশন আরও বলা হয়েছে, তাঁরাই না কি আসল তৃণমূল ছাত্র পরিষদ। সেই কারণে তৃণমূল ছাত্র পরিষদের নাম ব্যবহার করে আরও যারা গান্ধী মূর্তির পাদদেশে সভা করার আবেদন জানিয়েছে, তদের আবেদন বাতিল করা হোক।
এদিকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে মমতাপন্থী (Mamata Banerjee) তৃণমূলের ছাত্র সংগঠন। বিভিন্ন জেলায় প্রস্তুতি বৈঠকও করছেন উপাসনা চৌধুরী, প্রিয়াঙ্কা অধিকারীরা।
টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসেও আলাদা করে দুই শিবিরকে শর্ত বেঁধে আলাদা জায়গায় অনুমতি দেওয়া হয় কি না, সেটাই দেখার।
















