তোলাবাজির অভিযোগে সাময়িক সাসপেন্ড করা হল পরিবহণ দফতরের দুই আধিকারিককে। শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে। অভিযুক্ত দুই মোটর ভেহিকেল ইনস্পেক্টর—নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়ে বিষয়টি 'অ্যান্টি-কোরাপশন ব্যুরো'  (ACB)-র কাছে পাঠিয়েছে রাজ্য।

সূত্রের খবর, সার্ভিসিং শেষে গ্যারেজে ফেরার পথে একটি ট্রাক বে-আইনিভাবে আটকে ড্রাইভারকে হেনস্থা করা হয়। অভিযোগ, সরকার থেকে বাতিল হওয়া একটি কর বাবদ ২২,০০০ টাকা ঘুষ দাবি করেন অভিযুক্তরা আধিকারিকরা। চালক টাকা দিতে অস্বীকার করলে গাড়িটিকে বেআইনিভাবে বাজেয়াপ্ত করা হয়।

ঘটনাটি নজরে আসতেই কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। শুক্রবার সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, "কেউ আইনের উর্ধ্বে নয়।" দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানান, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার বা তোলাবাজির সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।