বাড়ি থেকে ভাড়াটে উচ্ছেদের নাম করে এক গৃহকর্তার থেকে তোলা হিসেবে পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি যুবনেতার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এবং চাপের মুখে পড়ে ওই টাকা ফেরত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অয়ন পাল। তিনি বিজেপির যুবনেতা হিসেবে এলাকায় পরিচিত। অভিযোগ, দিব্যেন্দু পাল নামে এক গৃহকর্তার বাড়ি থেকে ভাড়াটে তাড়ানোর আশ্বাস দিয়ে তাঁর থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় বেগতিক বুঝে দলীয় হস্তক্ষেপে সেই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

ইতিমধ্যে টাকা ফেরতের একটি ভিডিও প্রকাশ্যে এনে শাসকদলের তরফে তীব্র আক্রমণ শানানো হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, টাকা ফেরত দিলে কি অপরাধের গুরুত্ব কমে যায়? পাশাপাশি, টাকা নেওয়ার প্রমাণ থাকা সত্ত্বেও কেন পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেনি, সেই দাবিও উঠেছে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।