শনিবার সন্ধ্যায় যাদবপুরের বিজয়গড়, গাঙ্গুলিবাগান ও বাঘাযতীন এলাকায় একাধিক জায়গায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজয়গড়ে প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। একইসঙ্গে প্রাক্তন বিধায়ক ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি এবং দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। দেবব্রত মজুমদারের দাবি, প্রায় ১০০ জনের একটি দল তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর ও গালিগালাজ করে। তাঁর দাদাকে ধাক্কা দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। হামলাকারীদের বিজেপি-ঘনিষ্ঠ বলে জানিয়েছেন প্রাক্তন বিধায়ক। 

পরিবারের সদস্যরা জানান ঘটনার সময় আতঙ্কের পরিস্থিতি তৈরি হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা সময় নেয়। এখানেই শেষ নয়, এদিনের ঘটনায় বিজয়গড় বাজার ও সংলগ্ন এলাকায়ও উত্তেজনা ছড়ায় বলে স্থানীয় সূত্রে দাবি। এরপর বাঘাযতীনের কুসুম কানন এলাকায় সিপিএমের পার্টি অফিসেও ভাঙচুরের অভিযোগ ওঠে। পার্টি অফিসের পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। কর্মীদের হুমকি ও গালিগালাজ করা হয়েছে বলেও দাবি স্থানীয়দের। একইদিনে কয়েক ঘন্টার ব্যবধানে পরপর দুই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং ঘটনায় ঠিক কতজন জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।