রবিবার তৃণমূল বিধায়ক (TMC) কুণাল ঘোষের ( Kunal Ghosh) সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিএমের ( CPIM) প্রবীণ নেতা দুলাল বন্দ্যোপাধ্যায় ( Dulal B andyopadhyay) । দুই ভিন্ন রাজনৈতিক শিবিরের দুই নেতার এই সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। তবে তাঁদের দু’জনেরই দাবি, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। একান্তই সামাজিক সৌজন্য এবং ব্যক্তিগত আলাপচারিতার জন্যই এদিন দেখা করেন তাঁরা।
আরও পড়ুন: বিজেপি কার্যালয়ে সপরিবারে তারক সিং, দলবদলের জল্পনা উসকে কটাক্ষ কুণালের
সাক্ষাৎ প্রসঙ্গে দুলাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কুণালবাবু যখন জেলে ছিলেন, তখন আমিও জেলে ছিলাম। কিন্তু আমাদের মধ্যে রাজনৈতিক বিরোধ ছিল এবং থাকবে।’’ তিনি এও জানান, “একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যই ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। পাশাপাশি কুণাল ঘোষও তাঁকে পুজোয় আমন্ত্রণ জানিয়েছেন। ” এদিন তাঁদের মধ্যে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন দুলাল।
অন্যদিকে, কুণাল ঘোষও এই সাক্ষাৎকে সম্পূর্ণ সামাজিক সৌজন্য হিসেবেই ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, দুলাল বন্দ্যোপাধ্যায় একসময় দাপুটে সিপিএম নেতা ছিলেন এবং তাঁদের রাজনৈতিক অবস্থান ছিল একেবারে বিপরীত মেরুতে। ঘটনাচক্রে কুণাল ঘোষ যখন জেলে ছিলেন, তখন দুলাল বন্দ্যোপাধ্যায়ও জেলে ছিলেন। সেই সময়ই তাঁদের আলাপ-পরিচয় হয় বলে জানান কুণাল। সেইসঙ্গে তিনি জানান বর্তমানে দুলাল বন্দ্যোপাধ্যায় সিপিএমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং বেলগাছিয়া, কাশীপুর এলাকায় সংগঠনের কাজ করেন। কুণালের কথায়, এদিনের সাক্ষাৎ একেবারেই সামাজিক বিষয়কে কেন্দ্র করে। রাজনৈতিক পরিচয় এবং মতপার্থক্য থাকা সত্ত্বেও ব্যক্তিগত সৌজন্যের জায়গা থেকেই এই সাক্ষাৎ বলে দাবি করেন তিনি। ফলে দুই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতার এই সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হলেও, আপাতত দু’জনেই একে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছেন।
















