পুরভোটের মুখে বিজেপির (BJP) সল্টলেক কার্যালয়ে সপরিবার হাজির হলেন প্রাক্তন মেয়র পারিষদ তারক সিং (Tarak Singh)। রবিবার ছেলে অমিত সিং (Amit Singh) এবং মেয়ে কৃষ্ণা সিংকে (Krishna Singh) সঙ্গে নিয়ে বিজেপি কার্যালয়ে যান তিনি। তিনি নিজে তো বটেই, তাঁর ছেলে ও মেয়ে দুজনেই তৃণমূলের কাউন্সিলর ছিলেন। তাঁদের এই আচমকা আগমনকে ঘিরেই শুরু হয়েছে দলবদলের জল্পনা। যদিও বিজেপি কার্যালয়ে যাওয়ার কারণ হিসেবে দলবদলের কথা সরাসরি খারিজ করেছেন তারক। তাঁর দাবি, রাজ্যে পালাবদলের পর তাঁর ছেলে ও মেয়ের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা করেছে। সেই সংক্রান্ত অভিযোগ জানাতেই তিনি কার্যালয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: রাজ্যে ডেঙ্গি পজিটিভ ৫ হাজারের বেশি! 'বিজেপি মশা উৎপাদন বাড়িয়েছে' কটাক্ষ কুণালের

তবে তারক সিংয়ের এই বিজেপি-সফর নিয়ে বিশেষ আগ্রহ দেখাতে নারাজ তৃণমূল। বরং তাঁকে নিশানা করে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, ‘‘এদের নিয়ে বাড়তি কোনও আলোচনা করার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে একই পরিবারের ক’জন জনপ্রতিনিধি ছিলেন, ক্ষমতা পেয়েছেন, দলের দায়িত্ব পেয়েছিলেন, তার হিসাব নেই। আমার ছেলেকে দিতে হবে, আমার মেয়েকে দিতে হবে, আমার স্ত্রীকে দিতে হবে। অথচ লড়াকু অন্য কর্মীর জন্য সেই জায়গা ছাড়েননি একবারও।’’

আরও পড়ুন: নিজের সৃষ্টিই কি ধ্বংস করবে মানুষকে! AI নিয়ে বড় সতর্কবার্তা মাস্ক-অল্টম্যানদের

এ দিন বিজেপির সল্টলেক কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) এবং কেন্দ্রীয় নেতা সুনীল বনশল (Sunil Bansal)। কার্যালয় থেকে বেরিয়ে তারক জানান, সুনীল বনশলের সঙ্গে তাঁর কথা হয়েছে।  যদিও তারক সিং কেন বিজেপি কার্যালয়ে এসেছিলেন, সে বিষয়ে কোনও স্পষ্ট ধারণা নেই বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকের কথায়, বিজেপি ‘রাজনৈতিক অস্পৃশ্যতা’-তে বিশ্বাস করে না। সকলের সঙ্গেই কথা বলা হয়। তবে পুরভোটে সংশ্লিষ্ট এলাকায় বিজেপির প্রার্থী যে বিজেপিরই হবে, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।