কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে (Ravindra Vithalrao Ghuge)-কে শুভেচ্ছা জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে হাইকোর্টের ১ নম্বর আদালতকক্ষে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন রবীন্দ্র বিঠলরাও ঘুগে। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু-সহ বিচারব্যবস্থা ও প্রশাসনের একাধিক শীর্ষকর্তারা।
এর পরেই নিজের এক্স হ্যান্ডেলে নতুন প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়ে পোস্ট করেন মমতা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিচারপতি আর ভি ঘুগেকে আন্তরিক অভিনন্দন। নতুন দায়িত্বের জন্য তাঁকে আমার শুভেচ্ছা। পশ্চিমবঙ্গে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”
Congratulations to Hon’ble Justice RV Ghuge on taking oath as the new Chief Justice of the Calcutta High Court.
— Mamata Banerjee (@MamataOfficial) September 9, 2026
I convey my very best wishes to him as he takes on this new appointment and warmly welcome him to our great state of West Bengal.
এর আগে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের প্রায় এক মাস পরে গত শনিবার কেন্দ্রীয় সরকার বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠলরাও ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে।
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরের (পূর্বতন ঔরঙ্গাবাদ) এমপি ল’ কলেজ থেকে ১৯৯০ সালে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন রবীন্দ্র ঘুগে। একই বছর তিনি বম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতে শ্রমিক সংগঠন ও শ্রমিকদের পক্ষে প্রায় দু’হাজার মামলায় সওয়াল করেছেন তিনি। পাশাপাশি প্রায় ২৫০টি কর্পোরেট ও বহুজাতিক সংস্থার হয়েও আদালতে মামলা লড়েছেন।
















