সপ্তাহের শুরুর দিনে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। আজ (সোমবার) কলকাতা সহ বাংলায়  কেমন থাকবে  সোমবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের উপর সুস্পষ্ট নিম্নচাপ। ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টায় উত্তর ওড়িশা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে আজ থেকেই বুধবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া হতে পারে।কমলা সতর্কতা  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেমি) কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। 

 

আজ সোমবার শহর কলকাতায় ভারী বৃষ্টির সরাসরি সম্ভাবনা না থাকলেও, দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা শহরে দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির দেখা মিললেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই মিলছে না।আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে।

 

 

আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির ধারা বজায় থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়ে গেছে। এই সময়েও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে।

 

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও এখনই বর্ষার বৃষ্টি পিছু ছাড়ছে না। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ি জেলাগুলিতে আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে বৃষ্টি বাড়বে।