সপ্তাহশেষে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। আজ (শনিবার) কলকাতা সহ বাংলায় কেমন থাকবে সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
দফায় দফায় বৃষ্টির পর শুক্রবার থেকেই শহর কলকাতায় কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। তবে শনিবার ফের শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। আজ, (শনিবার) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির ধারা বজায় থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়ে গেছে। এই সময়েও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
আগামিকাল, রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতে। আগামী সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার রাজ্যের পশ্চিমের কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বুধবার উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির দেখা মিললেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই মিলছে না।আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও এখনই বর্ষার বৃষ্টি পিছু ছাড়ছে না। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ি জেলাগুলিতে আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে বৃষ্টি বাড়বে।
















