সপ্তাহের শুরুর দিনেই আবহাওয়ার বদল।কলকাতা সহ দক্ষিণে সকাল থেকেই চড়া রোদ, সঙ্গে হালকা মেঘের আনাগোন থাকছে।সোমবারের সকালে গুমোট ভাব রয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তিও বেড়েছে। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া(Weather)?, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সর্তকতা। সোমবার ও মঙ্গলবার হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস । রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি।
বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়ার উপর দিয়ে গিয়েছে ওই অক্ষরেখা। এর পাশাপাশি পশ্চিম রাজস্থান থেকে সিকিম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের কিছু অংশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এরফলে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।।
উত্তরবঙ্গে দুর্যোগের আবহাওয়া অব্যাহত। অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বৃষ্টি কমবে শুক্রবারে।উত্তরবঙ্গের জেলাগুলোতে গত কয়েক দিন ধরেই দফায় দফায় কখনো ভারী আবার কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে।
















