একদিকে বর্ষার (Monsoon) মরশুম, অন্যদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় বুধবার রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলিতে দুর্যোগের হলুদ সর্তকতা (Yellow Alert) রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে পূর্ব বর্ধমান জেলাতেও। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পাল্লা দিয়ে বৃষ্টি বাড়বে বঙ্গ জুড়ে।
বুধবার উত্তরের তিন জেলা দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে দুর্যোগের প্রভাব কিছুটা কমবে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা করছেন আবহবিদরা। যার ফলে উইকেন্ডে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে পাঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর মাঝেই পূর্ব বিহার ও বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়াতেও।
















