প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ সার্ভিসের আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রশাসনকে কোনওভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না।
মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের ব্যবহার করব না, নির্বাচনে রাজনৈতিক কর্মী বানাব না।" তাঁর বক্তব্য, অতীতে ভয়, চাপ কিংবা অন্য নানা কারণে নীচুতলার একাংশের ডব্লিউবিসিএস আধিকারিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে প্রশাসনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।
পূর্বতন সরকারের প্রশাসনিক ভূমিকার সমালোচনা করে শুভেন্দু দাবি করেন, দীর্ঘদিন ধরে এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে কাজ করতে বাধ্য হয়েছিলেন বহু আধিকারিক। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে পেশাদার ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।
এই প্রসঙ্গেই তিনি প্রাক্তন আইএএস আধিকারিক সুব্রত গুপ্তর নাম উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, পূর্ববর্তী সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও তাঁকে রাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছিল। বর্তমান সরকার তাঁকেই মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে ফিরিয়ে এনেছে। সরকারি কর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিক প্রশাসনিক বৈঠক করলেও কোনও আধিকারিককে প্রকাশ্যে অপমান করেননি। প্রশাসনের সঙ্গে সুস্থ ও পেশাদার সম্পর্ক বজায় রাখাই সরকারের নীতি বলে জানান তিনি।
একই সঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে আইএএস ও আইপিএস আধিকারিকদের মঞ্চে বসিয়ে দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য রাখতে বাধ্য করা হতো। সেই ধরনের সংস্কৃতির অবসান ঘটিয়ে প্রশাসনকে সংবিধানসম্মত ও নিরপেক্ষ ভূমিকা পালনের সুযোগ করে দেওয়াই তাঁর সরকারের উদ্দেশ্য বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।
















