কুড়মালি (Kurmali) ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) একাধিকবার এই দাবির পক্ষে সওয়াল করেছিলেন। তবে তাঁর আমলে সেই দাবি মেনে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এবার রাজ্যে সরকার বদলের পর সেই কুড়মালি ভাষাকেই সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার পুরুলিয়ায় করম উৎসবে যোগ দিয়ে জঙ্গলমহলের উন্নয়নে একাধিক ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: বারাণসীর কাছে এনকাউন্টার, পুলিশের গুলিতে খতম শীর্ষস্থানীয় মাওবাদী নেতা

রবিবার দুপুরে আদিবাসী কুর্মি সমাজের আমন্ত্রণে পুরুলিয়া-১ নম্বর ব্লকের কাড়াডি মাঠে করম উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই কুর্মিদের জন্য একাধিক সরকারি উদ্যোগের কথা জানান শুভেন্দু। তাঁর ঘোষণায় উঠে আসে ভাষার স্বীকৃতি থেকে শুরু করে উন্নয়ন, কর্মসংস্থান সংক্রান্ত একাধিক বিষয়। মুখ্যমন্ত্রী জানান, কুর্মি সমাজের দীর্ঘদিনের দাবি মেনে ফের চালু করা হবে কুর্মি ডেভেলপমেন্ট বোর্ড। পাশাপাশি পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য রাজ্য সরকার ১৬০০ কোটি টাকা খরচ করবে বলেও ঘোষণা করেন তিনি। জঙ্গলমহলে পানীয় জলের সমস্যা দূর করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নেবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বেলেঘাটা পেরিয়ে সেক্টর ফাইভের পথে অরেঞ্জ লাইন, সফল ট্রলি পরীক্ষা

জব কার্ড এবং ‘বিকশিত ভারত’-এর আওতায় ৫০ লক্ষ মানুষ কাজের সুযোগ পাবেন বলে আশ্বাস দেন শুভেন্দু। ছ’মাস ধরে প্রতিদিন ৩০০ টাকা করে উপার্জনের পথও খুলে দেওয়া হবে। কুর্মি সমাজকে ইউসিসি বিলের আওতায় আনা হবে না বলেও এ দিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জঙ্গলমহলের পাহাড় ও অরণ্য নিয়ে রাজ্যের অবস্থানও জানান তিনি। তাঁর কথায়, জঙ্গলমহলের পাহাড়-অরণ্যে কোনও ভাবেই ‘থাবা’ দেওয়া চলবে না। সেখানে কোনও নিলামও হবে না বলে স্পষ্ট বার্তা দেন শুভেন্দু।

ভূমি দফতরে রেকর্ড নেওয়ার জন্য টাকা নেওয়ার বিষয়টিও এ দিন তাঁর বক্তব্যে উঠে আসে। আগে রেকর্ড নেওয়ার জন্য ১০ টাকা করে নেওয়া হত। বিষয়টি তাঁর জানা ছিল না বলে জানান মুখ্যমন্ত্রী। তবে বিষয়টি জানার ২৪ ঘণ্টার মধ্যেই সেই টাকা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কুর্মিদের উন্নয়নে অর্থবরাদ্দের প্রসঙ্গেও এ দিন আগের সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন শুভেন্দু। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুর্মিদের উন্নয়নে ১০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এবারের বাজেটে সেই বরাদ্দ বাড়িয়ে ৫০ কোটি টাকা করা হয়েছে। আগামী বাজেটে সেই অর্থ আরও বাড়ানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।