শহরকে ঝকঝকে রাখতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলছে জোরকদমে। রাস্তার ধারে দখল, বেআইনি নির্মাণ কিংবা ফুটপাতের উপরে বসবাস—সবকিছুর বিরুদ্ধেই কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Minister for Municipal and Urban Development Agnimitra Paul)। কিন্তু প্রশ্ন উঠছে, শহরের সৌন্দর্য কি শুধুই ফুটপাত পরিষ্কার রাখার মধ্যে সীমাবদ্ধ? এই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় (CPIM leader Sayan Bandyopadhyay)। এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি দেখিয়েছেন বর্তমানে রাস্তার বেহাল চিত্র। বৃষ্টি পড়লে কীভাবে রাস্তাঘাট বিপদজ্জনক হয়ে পড়ে। সেইসঙ্গে সায়ন লেখেন, 'নগর উন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের চোখে শহরের এই চিত্র পড়ছে না? দুধের বাটি শহরের সৌন্দর্য খারাপ করছে!! আর করুণরাস্তা ঘাট!'
বৃষ্টি নামলেই কলকাতা-সহ শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ ওঠে। কোথাও রাস্তার পিচ উঠে গর্ত তৈরি হয়েছে, কোথাও জল জমে কার্যত দুর্ভোগ বাড়ছে পথচারী ও গাড়িচালকদের। স্বাভাবিকভাবেই ঘটনা এই ঘটনায় নিকাশি ব্যবস্থার দুর্বলতা নিয়েও উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে আইনজীবী এবং সিপিএমের বিধানসভার প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় কটাক্ষ, ফুটপাতে একটি দুধের বাটি চোখে পড়লেও বৃষ্টিতে জলমগ্ন ও ভাঙাচোরা রাস্তা কি পুর ও নগরোন্নয়নমন্ত্রীর চোখে পড়ে না? কবে মিটবে এই বেহাল রাস্তার সমস্যা? আর প্রশ্নের উত্তর দিতে কার্যত নীরব রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী।
এই প্রশ্ন আরও জোরালো হয়েছে পার্ক স্ট্রিটের সাম্প্রতিক ‘দুধ-কাণ্ড’ ঘিরে। ফুটপাতে এক শিশুর জন্য এক মহিলা দুধ গরম করছিলেন। পরিদর্শনে গিয়ে তাঁকে ভর্ৎসনা করেন অগ্নিমিত্রা পাল। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় তীব্র বিতর্ক। সমালোচকদের অভিযোগ ছিল, ফুটপাত দখলমুক্ত করার নামে একজন অসহায় ফুটপাতবাসীর প্রতি মানবিকতা ব্যবহার করেননি বর্তমানে দায়িত্বে থাকা রাজ্যের মন্ত্রী। পরবর্তী সময়ে কার্যত চাপে পড়েই অগ্নিমিত্রা পাল অবশ্য নিজের বক্তব্যে জানান, তাঁর আপত্তির অন্যতম কারণ ছিল আগুন লাগার আশঙ্কা। পাশাপাশি তিনি স্বীকারও করেন, ওই মহিলার সঙ্গে সেভাবে কথা বলা তাঁর উচিত হয়নি।
এখানেই নতুন করে প্রশ্ন তুলছে সিপিআইএম । তাদের বক্তব্য, শহরের সৌন্দর্য রক্ষার প্রয়োজন অবশ্যই রয়েছে। কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা কি শুধু ফুটপাত দখলমুক্ত করা? রাস্তা, নিকাশি, জল জমার সমস্যা, পথচারীদের নিরাপত্তা—এসব কি নগর উন্নয়নের অংশ নয়? বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাস্তবে সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ কতটা কমেছে, সেই প্রশ্নও উঠছে। বিরোধীদের অভিযোগ, শহরের পরিকাঠামোর দীর্ঘমেয়াদি সমস্যার সমাধানের বদলে নজর বেশি দেওয়া হচ্ছে দৃশ্যমান ‘সৌন্দর্যায়ন’ এবং ফুটপাত পরিষ্কারের দিকে।
















