গভীর রাতে মহিলাকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় রাস্তায় ফেলে মারধরের অভিযোগ নৈহাটি ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। জানা গিয়েছে কয়েকদিন ধরেই মহিলাকে খারাপ প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশালী আচরণ করার চেষ্টা করছিলেন অভিযুক্ত পদ্মা নেতা। মহিলা জেটিয়া থানার দ্বারস্থ হতেই তাঁর উপর চাপ সৃষ্টি করা হয় যাতে তিনি অভিযোগ প্রত্যাহার করেন। অভিযোগকারিণী তাতে সম্মত না হওয়ায় রাতের অন্ধকারে তাঁকে রাস্তায় ফেলে মারধর শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠেছে।

 অভিযুক্ত গেরুয়া নেতা গোটা ঘটনার কথা অস্বীকার করলেও এলাকায় ওই বিজেপি সভাপতির বিরুদ্ধে চাপা অসন্তোষ রয়েছে। এখন পুলিশ কোনও পদক্ষেপ করে কিনা সেটাই দেখার। বাংলায় বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হতে না হতে রাজ্যের বিভিন্ন প্রান্তে তোলাবাজি থেকে শুরু করে জোরজুলুম করার অভিযোগ উঠছে।দিনকয়েক আগেই বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সে বিজেপির যুব নেতার গুন্ডাগিরির ছবি সামনে আসে।সপ্তাহখানেক আগেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় কোচবিহারের দাপুটে বিজেপি নেতাকে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য যতই অন্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলুন না কেন পালাবদলের রাজ্যে, 'ভয় আউট ভরসা ইন' যে শুধুই কথার কথা হয়ে থেকে যাচ্ছে এবং যত সময় গড়াচ্ছে ততই স্থানীয় নেতাদের দাপাদাপি সমান তালেই বেড়ে চলেছে তা বলাই বাহুল্য।