শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) পৈতৃক ভিটে সংস্কার করে সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলার কাজ শুরু করল রাজ্য সরকার (Govt of West Bengal)। নির্বাচনী প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) যে কথা দিয়েছিলেন তা এবার বাস্তবায়িত হতে চলেছে। জেলাস্তরে বৈঠক হওয়ার মাত্র তিনদিনের মধ্যে ভারত কেশরীর বসতবাড়িটি ১ কোটি ২৫ লক্ষ ৯৯ হাজার ৮২২ টাকায় কিনে তথ্য-সংস্কৃতি দফতরের মালিকানাধীন করা হল।
রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর বাজেটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতে ১২৫ ফুট উঁচু নতুন মূর্তি নির্মাণ, পুরোনো বাড়ির আমূল সংস্কার ও আশপাশের এলাকার সৌন্দর্যায়নের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেইমতো প্রথম পর্যায়ের কাজ শুরু করছে রাজ্য সরকার।জানা গিয়েছে, বসতবাড়ি-সহ কেনা জমিটির মোট পরিমাণ ০.৩০১৭৯ একর। যার উত্তরসূরীর কাছ থেকে বাড়িটি কিনে নিয়েছে তথ্য সংস্কৃতি দফতর। ৩ জুলাই কলকাতার ‘রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স’-এর অফিসে জমি রেজিস্ট্রেশনের পর্ব সম্পন্ন হয়। যত দ্রুত সম্ভব গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক।
















