চলতি মরশুমে বাংলা থেকে যেন কিছুতেই বিদায় নিতে চাইছে না বর্ষা। ভাদ্র মাসের চেনা আবহাওয়ার পাশাপাশি মাঝেমধ্যেই নিম্নচাপের আশঙ্কা দুশ্চিন্তায় রাখছে অফিসের কর্তাদের। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হতে পারে। ক্রমশ তা স্থলভাগের দিকে এগিয়ে এলে ঘূর্ণিঝড়ের তৈরির সম্ভাবনাও এড়িয়ে যাওয়া যাবে না। আদৌ কি নিম্নচাপের প্রভাবে বাংলায় বড় দুর্যোগপূর্ণ আবহাওয়া ফিরতে চলেছে, এখনই তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
মৌসুমি অক্ষরেখা দিঘার উপর দিয়ে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি আগামী শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সেটি ঘনীভূত হবে বলে প্রাথমিকভাবে খবর। আপাতত বাংলায় বৃষ্টির মরশুম চলবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় সকাল থেকেই এদিন রোদের তেজ থাকলেও দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আজ দিনভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে পাহাড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে।
















