মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি (Heavy Rain)। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে আজ সারাদিন দুর্যোগ চলবে। ইতিমধ্যেই মহানগরীর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে জল জমতে শুরু করেছে, বাড়ছে যানজট। কর্মব্যস্ত দিনে সমস্যায় পড়ছেন অফিস যাত্রীরা। উত্তরবঙ্গেও বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি চলবে। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি ভিজবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি ভিজবে আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংও।

সোমবার রাত থেকেই কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায় বৃষ্টির বেগ বাড়তে থাকে।আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে পাওয়া খবরের আপডেট অনুযায়ী, গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে দক্ষিণবঙ্গের মাথার উপর দাঁড়িয়ে আছে নিম্নচাপ। এদিন সকাল থেকে শহরের আকাশ মেঘলা। বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টি শহরের বিভিন্ন প্রান্তে। নিম্নচাপ ও সক্রিয় অক্ষরেখার প্রভাবে সময় যত গড়াবে ততই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।