বঙ্গোপসাগরের (Bay of Bengal) নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হওয়ায় সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনেও বৃষ্টি দুর্ভোগের শিকার হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। মঙ্গলবার সকালের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর বেশ কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ সতর্কতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। ফ্ল্যাশ ফ্লাডের ঝুঁকিও এড়িয়ে যাওয়া যাবে না বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)।

গত সোমবার সকাল থেকেই গভীর নিম্নচাপ কলকাতার কাছাকাছি অবস্থান করার কারণে সারাদিন বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলেও ছবিটার বিশেষ কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই। গড়ে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হতে পারে, একাধিক জেলায়। কোথাও কোথাও সেই পরিমাণটা আরেকটু বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপ আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরেও দুর্যোগ চলবে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।