খাতায় কলমে বর্ষা পেরিয়েছে কিন্তু এখনও বৃষ্টির ভোগান্তির শেষ নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, রবিবার সকালে বঙ্গোপসাগরে (Bay of Bengal) ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় কলকাতাসহ (Kolkata) দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ও সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আগামিকাল বৃষ্টি বাড়বে পুরুলিয়া-বাঁকুড়াতে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া বর্ষাকালীন অক্ষরেখার সক্রিয়। ফলে আগামী দুদিন বৃষ্টি ভিজবে বাংলা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রির কাছাকাছি রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় যথেষ্ট অস্বস্তি বজায় থাকবে দিনভর।
















