বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আগামী সোমবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বৃষ্টি হলেও দিনভর বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে,শনিবার দুপুর থেকেই দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।