রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোম- মঙ্গল পেরিয়ে বুধবারও চলবে। নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উপকূলীয় ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকলেও বাংলার আকাশ থেকে দুর্যোগ এখনই সরবে না।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের তিন জেলা বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলায়। আজ দিনভর কলকাতার আকাশে মেঘ রোদের লুকোচুরি। বেলা গড়াতেই বৃষ্টির বেগ বাড়তে পারে। সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ কাটার সম্ভাবনা রয়েছে। 

উত্তরে আজ বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে।