উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে শুক্রবার সারাদিন দফায় দফায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে (Rain in South Bengal)। এদিন ভোরের দিকে কলকাতার নানা প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আজ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিসের (Weather Department) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, হরিয়ানা, জম্মু ও এলাহাবাদ হয়ে মৌসুমি অক্ষরেখা সরাসরি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে শরতের বাংলা জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি মাপের বৃষ্টি চলবে। দুপুর থেকেই উত্তরে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির দু একটি জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে। 

ভারতের উত্তরভাগের দুর্যোগপূর্ণ পরিস্থিতির পর উত্তরবঙ্গে পাহাড়ের জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উত্তরকন্যায় বৈঠক করে পরিস্থিতির দিকে নজর রাখা নির্দেশ দিয়েছেন। হাওয়া অফিস জানিয়েছে উইকেন্ডে পার্বত্য অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। ধস বা হড়পা বানের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেদিকে নজর রাখছে প্রশাসন।