বৃহস্পতিবার ভোররাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain in South Bengal), দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অতি সক্রিয়তার কারণে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী ৭ দিন বিক্ষিপ্ত বর্ষণ চলবে, জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। 

কলকাতায় আজ দফায় দফায় বৃষ্টি চলবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বৃষ্টির জেরে উষ্ণতা খানিকটা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরে ফের প্রকৃতির রুদ্ররূপ। ফুঁসছে তিস্তা, তোর্সা ও জলঢাকা-সহ একাধিক নদী। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। ধসের আশঙ্কায় সতর্ক-প্রশাসন।