মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal weather) আকাশ মেঘলা। হাওয়া অফিসের (Weather Department)দেওয়া তথ্য অনুযায়ী সাড়ে ছ’টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহরে মোট ৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে জেলায় জেলায়। কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দুই দিনাজপুর, কোচবিহার, কালিম্পং ও মালদায়। বুধবার দক্ষিণবঙ্গে দুর্যোগ কাটার পূর্বাভাস থাকলেও পাহাড়ে বৃষ্টি বাড়বে।