সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণ রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে। শনিবারের পর রবিবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)।
রবিবাসরীয় আবহাওয়া আপডেট বলছে, আজ কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই দিনভর মেঘলা আকাশে মাঝেমধ্যেই রোদের দেখা মিলবে, যদিও তা দীর্ঘস্থায়ী হবে না। মহানগরীতে বর্ষার (Monsoon ) দাপট অব্যাহত। দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জল জমার আশঙ্কা থাকবে।ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলাগুলিতে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। থাকছে ধস (Landslide) নামার আশঙ্কাও।
















