দক্ষিণবঙ্গে উইকন্ডেও বৃষ্টির পূর্বাভাস (Rain forecast in South Bengal)। নিম্নচাপের দাপট খানিকটা কমলেও কমলা ও হলুদ সর্তকতা জারি করা হয়েছে একাধিক জেলায়। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে ঝাড়গ্রামে। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে। বৃষ্টি বাড়বে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে আবহাওয়ার সামান্য উন্নতি হয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই সিস্টেমের অভিমুখ।ফলে, কলকাতার উপর থেকে সরে গেছে নিম্নচাপ। অন্যদিকে উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ১৫ অগাস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।