ক্যালেন্ডারের হিসেব বলছে শরৎকাল পড়েছে, কিন্তু সবটাই খাতায় কলমে কারণ আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বিদায় নেয়নি বর্ষা। প্রায় প্রতিদিনই দফায় দফায় বৃষ্টি ভিজে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। উত্তরেও সতর্কতা জারি করা হয়েছে। এরই মাঝে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!
হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃষ্টি চললেও অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরমের অনুভূতি কমছে না ৷ আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, 'দক্ষিণবঙ্গের উপর বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে । এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ বৃহস্পতিবারও মূলত মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।' উত্তরবঙ্গে আগামী দুদিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে, দুপুরের পর দু এক পশলা বৃষ্টি হতে পারে।
















