উত্তরবঙ্গ থেকে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের দিকে সরে এসেছে। ফলে দক্ষিণবঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ (Rain in South Bengal)। আগামী দু’দিন এই পরিস্থিতি চলবে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এক নাগাড়ে না হলেও বিক্ষিপ্ত ভাবে দফায় দফায় বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত বাড়বে বৃষ্টির পরিমাণ।
একাধিক ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ সকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। সারাদিনই আকাশ থাকবে মেঘলা। তবে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। রবিবার থেকে বৃষ্টি অনেকটা কমবে।
এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পং জেলায়।
















