পচা ভাদ্রের গরম তার সঙ্গে বৃষ্টি। আগামী কয়েকদিন কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি হতে পারে। তবে কয়েকটি জেলার আবহাওয়া প্রতিকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) ও পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) বৃষ্টির জোর বাড়তে পারে। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মঙ্গলবার পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও এলাকায় দমকা হাওয়াও বইতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত ভারী বর্ষণের কোনও পূর্বাভাস নেই। কিন্তু আকাশ যে পুরোপুরি শুকনো থাকবে, তেমনও নয়। শুক্রবার থেকে রবিবারের মধ্যে বিভিন্ন জায়গায় বজ্রপাত-সহ ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে। ফলে সপ্তাহান্তে গরমের অস্বস্তির পাশাপাশি আচমকা বৃষ্টির ভোগান্তিও হতে পারে শহর ও জেলাগুলিতে।
উত্তরবঙ্গেও (North Bengal) একই সময়ে বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কোচবিহার ও কালিম্পঙেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এরপর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের ওই পাঁচ জেলায় ফের ভারী বৃষ্টির পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে অবশ্য পরিস্থিতি তুলনায় স্বস্তিদায়ক থাকবে। শনিবার পর্যন্ত সেখানে মূলত বিক্ষিপ্ত বৃষ্টিরই সম্ভাবনা।
আবহাওয়ার এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে বর্ষার অক্ষরেখা। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। ফলে গাঙ্গেয় বঙ্গের উপর এখন নতুন কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় সমুদ্রও আপাতত শান্ত। তাই মৎস্যজীবীদের জন্য নতুন করে কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। এ দিকে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি।
















