নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টির কারণে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবার সকাল থেকে ছবিটা একটু হলেও অন্যরকম। আলিপুর আবহাওয়া অফিসের (Alipore Weather Department) তরফে সকাল ১১টা পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হলেও অতিভারী বর্ষণের খবর মেলেনি। মেঘলা আকাশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর থেকে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। 

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমাগত শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ হয়ে উত্তর-পশ্চিমের দিকে এগিয়ে চলেছে। যার ফলে শনিবার সকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুর্যোগের সম্ভাবনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলা ছেড়ে আপাতত সুস্পষ্ট নিম্নচাপ মধ্যপ্রদেশের উপরে অবস্থান করছে। আজ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, বীরভূম, কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭৮ দশমিক ২ মিলিমিটার। একটানা বৃষ্টিতে সামান্য হলেও কমেছে মহানগরীর তাপমাত্রা। 

হাওয়া অফিসের (Weather Department) তরফে জানানো হয়েছে সমুদ্র থেকে অনেকটা দূরে চলে গেলেও নিম্ন চাপের খুব একটা শক্তিক্ষয় হয়নি। হালকা থেকে মাঝারে বৃষ্টি চলবে জেলায় জেলায়। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। কালিম্পং ,দার্জিলিং, জলপাইগুড়ির পাশাপাশি বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামিকাল দুপুরের পর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। যদিও উইকেন্ডে বৃষ্টি একেবারে থেমে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।